সব ভেদাভেদ ভুলে ঈগল মার্কায় ভোট দিন
চুয়াডাঙ্গা শহরে গণসংযোগকালে ঈগল মার্কার প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের চুয়াডাঙ্গা-১ আসনের ঈগল মার্কা প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গা-১ আসনের বিভিন্ন অঞ্চলে গণসংযোগ, পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন। শুক্রবার চুয়াডাঙ্গা পৌর শহরের বড় বাজার পাড়া, পুরাতন গলি, শহীদ হাসান চত্বর, আলী হোসেন মার্কেটসহ শহরজুড়ে গণসংযোগ করেন দিলীপ কুমার আগরওয়ালা। এছাড়া সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন, আলমডাঙ্গা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে ঈগল মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন হয়েছে। গণসংযোগ ও অফিস উদ্বোধনকালে শত শত নেতা-কর্মী উপস্থিত হয়ে ঈগল প্রতীকে ভোট দেওয়ার প্রত্যয়ব্যক্ত করেন।
গণসংযোগকালে দিলীপ কুমার আগরওয়ালা নারী-পুরুষ নির্বিশেষে সবার কাছে স্মার্ট চুয়াডাঙ্গা গড়ার অঙ্গীকারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল মার্কায় ভোট প্রার্থনা করেন।
এসময় দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নিজেদের সততা দিয়ে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদীয় এলাকাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করবো। তাই ঈগল মার্কায় ভোট দিন, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাকে স্মার্ট হিসেবে গড়ে তুলুন।
তিনি আরও বলেন, আমি ব্যবসা করি জীবিকার জন্য। আর রাজনীতি করি আপনাদের উন্নয়নের জন্য। আপনারা ঈগল মার্কায় ভোট দিন, দেখবেন ঈগলের মতো দ্রুত গতিতে আপনাদের এলাকায় উন্নয়ন হবে। আমি আপনাদের কথা দিচ্ছি দুর্দিনে আপনারা আমাকেই সবার আগে পাশে পাবেন। চুয়াডাঙ্গা জেলা স্মার্ট জেলা হিসেবেও গড়ে তুলবো। তাই আগামী ৭ জানুয়ারি সব ভেদাভেদ ভুলে ঈগল মার্কায় ভোট দিন।
গণসংযোগ, পথসভা ও অফিস উদ্বোধনকালে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের ঈগলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।