এখনো চলছে দখল-চাঁদাবাজি: নুর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরও দেশের টেম্পোস্ট্যান্ড, বাসস্ট্যান্ড ও কাঁচাবাজারে দখলবাজি-চাঁদাবাজি অব্যাহত রয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের মতো রক্তচোষা দখলবাজদের উপস্থিতি এখনো রয়েছে। সাধারণ মানুষ ভোটের মাধ্যমে এর জবাব দেবে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শেরে বাংলা পার্কের মুক্তমঞ্চে গণঅধিকার পরিষদ পঞ্চগড় শাখার আয়োজনে এক গণসমাবেশে এসব কথা বলেন নুর।
নুর বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের দাসে পরিণত করেছে। তারা দেশে জঘন্য গণহত্যা ও বর্বরতা চালিয়েছে। এ ধরনের দলে বাংলাদেশে আর রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর বিভিন্ন রাজনৈতিক দলে অনৈক্য দেখা দিয়েছে। অনেকে নিজেদের আধিপত্য ও শক্তি দেখাতে ব্যস্ত হয়ে পড়েছে, যা দুঃখজনক।
গণসমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ পঞ্চগড়ের আহ্বায়ক মাহফুজার রহমান, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্নাফ।