শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | বৈশাখ ৫, ১৪৩৩

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
বৈশাখ ৫, ১৪৩৩

বর্তমান সভ্যতা আত্মবিনাশী, বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে: প্রধান উপদেষ্টা

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২৪ ১৭:৪৪:১০

বর্তমান সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে এবং এটি একসময় আমাদের জন্য আত্মবিনাশী হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, "আমরা যে সভ্যতার মধ্যদিয়ে যাচ্ছি তা শুধু পৃথিবী জুড়ে বর্জ্য তৈরি করছে, যা একসময় আমাদের জন্য বিপদ ডেকে আনবে।"

ড. ইউনূস কাতার বিশ্ববিদ্যালয়ে "থ্রি জিরো" তত্ত্বের ওপর একটি অধিবেশনে বক্তব্য রাখেন, যেখানে তিনি শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্বের ধারণা তুলে ধরেন। বক্তৃতা শেষে, তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ বৈঠকে উপস্থিত থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

এর পাশাপাশি, কাতারের রাজধানী দোহায় শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদেশি বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন। ড. ইউনূস বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায় এবং এই অঞ্চলে দেশের আকর্ষণীয় বিনিয়োগ সুবিধাগুলোর উপর গুরুত্ব দেন। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ বিশ্বমানের উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

বৈঠকে অংশগ্রহণকারীরা বাংলাদেশের উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি, ব্যাংকিং এবং পর্যটন খাত বিশেষ করে কক্সবাজার রিসোর্ট জোনে বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ে আগ্রহ প্রকাশ করেন।

SStv