শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | বৈশাখ ৫, ১৪৩৩

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
বৈশাখ ৫, ১৪৩৩
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা

অস্ত্র উদ্ধারে ব্যর্থতা: আইন-শৃঙ্খলার হুমকি বাড়ছে

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২০ ১৩:২৭:১৮

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। সরকার পতনের পর ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের বড় একটি অংশ এখনো উদ্ধার হয়নি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এখনও উদ্ধার হয়নি ১,৩৭৭টি আগ্নেয়াস্ত্র এবং আড়াই লাখের বেশি গোলাবারুদ।

বিশেষজ্ঞদের মতে, এসব অবৈধ অস্ত্র নির্বাচনী সময়কে অস্থিতিশীল করতে পারে। লুট হওয়া অস্ত্রের একটি বড় অংশ ইতোমধ্যে শীর্ষ সন্ত্রাসী, জেল পলাতক আসামি, কিশোর গ্যাং, চরমপন্থী ও ডাকাত-দস্যুদের হাতে চলে গেছে বলে পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে।

পুলিশ সদর দপ্তরে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে এসব অস্ত্র উদ্ধারে উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে অপরাধীদের তালিকা তৈরি করে তাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপারদের সঙ্গে সমন্বয় করে দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সাম্প্রতিক সভায় এ বিষয়ে আলোচনা হয়। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) এনামুল হক সাগর জানান, “অবশিষ্ট অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।”

গত ৫ আগস্ট সরকারের পতনের পর ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পুলিশের হিসাব অনুযায়ী, মোট ৫,৭৫০টি অস্ত্র এবং ৬,৫১,৬০৯টি গোলাবারুদ লুট হয়। এর মধ্যে উদ্ধার হয়েছে ৪,৩৭৩টি অস্ত্র।

সাবেক আইজিপি মোহাম্মদ নূরুল হুদা বলেন, “পুলিশের অস্ত্র অন্যের হাতে থাকাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জাতীয় নির্বাচনের আগে এসব অস্ত্র অবশ্যই উদ্ধার করতে হবে।”

গত বছর আগস্টে পটপরিবর্তনের পর বহু শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি জেল থেকে পালিয়ে গেছে বলেও জানা গেছে। বিশ্লেষকদের মতে, এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ছাড়া আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব নয়।

SStv