শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | বৈশাখ ৫, ১৪৩৩

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
বৈশাখ ৫, ১৪৩৩

বুধবার ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-১৪ ২২:০০:৪৩

তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আগামী বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় আসছেন। সোমবার (১৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ট্রাম্প প্রশাসনের প্রথম উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলের সফরে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ, রাজনৈতিক সংস্কার, পাল্টা শুল্ক ইস্যু, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

সফররত দুই কর্মকর্তা হলেন:

  • নিকোল চুলিক – যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

  • অ্যান্ড্রু হেরাপ – পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

বুধবার প্রথমে ঢাকায় পৌঁছাবেন নিকোল চুলিক। পরে পৃথক ফ্লাইটে ঢাকায় আসবেন অ্যান্ড্রু হেরাপ। এ সময় হেরাপের সফরসঙ্গী হিসেবে থাকবেন মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন

প্রথম দিন ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তারা। এরপর বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল), পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী।

টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন,
“ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটিই হতে যাচ্ছে দেশটির কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের প্রথম বাংলাদেশ সফর। ফলে দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে। প্রাসঙ্গিকভাবে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের বিষয়টিও আলোচনায় আসতে পারে।”

SStv